ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় আদালতে সাক্ষ্য দিলেন সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস।
আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত তিনি সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে সাক্ষ্য দেন।
আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, খাদিজা হত্যাচেষ্টা মামলায় ৩৪ জন সাক্ষ্য দিয়েছেন। খাদিজার সাক্ষ্য প্রদানের মধ্য দিয়ে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী ১ মার্চ মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।
এর আগে রবিবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে পরিবারের সদস্যদের সাথে আদালত প্রাঙ্গনে আসেন খাদিজা। পরে বিচারকের সামনে বদরুলকে চিহ্নিত করে বিরুদ্ধে সাক্ষ্য দেন তিনি।
উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার স্কয়ার হাসপাতালে প্রায় দুই মাস চিকিৎসা দেওয়ার পর ২৮ নভেম্বর সাভারের সিআরপিতে স্থানান্তর করা হয় খাদিজাকে। সেখানে চিকিৎসা শেষে গত শুক্রবার সিলেটের নিজ বাড়িতে ফেরেন খাদিজা।
ঘটনার ৩ মাস ২২ দিন পর হামলাকারীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতে আসেন খাদিজা।
মুস্তাঈন





