নতুন দায়িত্বপ্রাপ্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেছেন, ‘এ মন্ত্রণালয়ের সবকিছু আমার নখদর্পণে আছে। আশা করি, কেউ আমাকে মিসগাইড করবেন না। টাইম টু টাইম অফিসে আসতে হবে। ৯টা হলে ৯টায়, ১০টায় অফিস হলে ১০টায়ই আসতে হবে। না হলে আমি নিজে হাজিরা খাতায় লালকালির দাগ দেব।’
দায়িত্ব পাওয়ার পর প্রথম দিনের মতো বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে তিনি এ সব কথা বলেন। তার নিজ দফতরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনি প্রথমবারের মতো অফিস করেন।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে তিনি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে পৌঁছলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তাকে কর্মকর্তাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার ও জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামসুন নাহারসহ সিনিয়র কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এরপর বেসরকারি জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রার নেতারা প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসিকে শুভেচ্ছা জানান। বায়রা প্রেসিডেন্ট আবুল বাশার, মহাসচিব মনসুর আহমেদ কালামসহ এ সময় অনেকে উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘মানবপাচার বন্ধই আমার প্রথম চ্যালেঞ্জ। সাগর পথে অবৈধভাবে বিভিন্ন দেশে মানবপাচার বন্ধ করতে কাজ করব। আমার একার পক্ষে এটা বন্ধ করা সম্ভব না। তাই এ বিষয়ে সবার সহযোগিতা চাই।’
নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘সৌদি আরব ও মালয়েশিয়ার শ্রমবাজারে বেশি সংখ্যক বাংলাদেশী শ্রমিক পাঠানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।’ এ সময় দেশে দক্ষ জনশক্তি তৈরির প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।
এএইচ





