চট্টগ্রামের মিরসরাইয়ে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

আজ (২৪ নভেম্বর) রোববার সকাল ৯টার দিকে খইয়াছড়া ইউনিয়নের কলঘর এলাকার একটি জমি থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত ফজলুল হক (৪০) খইয়াছাড় ইউনিয়নের নিজতালুক গ্রামের নুর মোহাম্মদ কেরানী বাড়ির মুকবুল হোসেন প্রকাশ বাদশার ছোট ছেলে।

স্থানীয় রবিউল হোসেন জানান, গত শুক্রবার রাতে ফজলুল হক বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। শনিবার সারাদিন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে। কিন্তু পাওয়া যায়নি। রোববার (২৪ নভেম্বর) সকালে বাড়ির উত্তর পাশের একটি জমিতে লোকজন তার লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়।

ফজলুল হকের শরীরের ডান পাশে ও কানে গুলি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানের চামড়া ঝলসে গেছে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

মিরসরাই থানার জৈষ্ঠ্য উপ-পরিদর্শক আমিনুল মুজাহিদ জানান, ফজলুল হক নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কি কারণে কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হবে এবং জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এমবি