পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই শিশু সন্তানকে হত্যার পর তাদের মা আত্মহত্যা করেছেন। রোববার সন্ধ্যায় মঠবাড়িয়া উপজেলার হারজী নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- মাইশা আক্তার কণা (২) ও মাহিয়া আক্তার বেবী (৯ মাস)। তাদের মায়ের নাম নাজমুন্নাহার লাইজু (২৬)। তিনি ওই গ্রামের মনিরুজ্জামান ফরিদের স্ত্রী।

মনিরুজ্জামান ফরিদ উপজেলার গুদিঘাটা সরোজনি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঘটনার পর থেকে মনিরুজ্জামান ফরিদ পলাতক আছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার হারজী নলবুনিয়া গ্রামের মৃত বাহার আলী খানের ছেলে মনিরুজ্জমান ফরিদের সঙ্গে প্রায় আড়াই বছর আগে উপজেলার ধানীসাফা গ্রামের আব্দুর রব তালুকদারের মেয়ে নাজমুন্নাহার লাইজুর বিয়ে হয়।

রোববার বিকেলে মনিরুজ্জামান ফরিদ স্কুল থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে তিনজনকে মৃত দেখতে পান। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে দুই সন্তানকে বিষপানে হত্যা করেন নাজমুন্নাহার লাইজু। পরে তিনিও বিষপানে আত্মহত্যা করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

 

এমএনজে