ইবোলা ভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশে আসা বিমানযাত্রীদের আগের এক মাসের ভ্রমণ তথ্য জানাতে হবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রাণঘাতি ইবোলার সংক্রমণে এ পর্যন্ত সাড়ে ৪ হাজার মানুষের মৃত্যুর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের একটি বিশেষজ্ঞ দলের ঢাকা বিমানবন্দরে প্রস্তুতি দেখে যাওয়ার পরদিন এ বৈঠক হল।

বৈঠকে বিমানবন্দরের জন্য ‘থার্মাল স্ক্যানার’ কেনার সিদ্ধান্তও হয়েছে। আর্চ ওয়ের পাশাপাশি এই স্ক্যানারের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করা হবে। কেননা ইবোলা আক্রান্তদের শরীরে প্রাথমিক লক্ষণ হচ্ছে জ্বর।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কর্তৃপক্ষ বিমান যাত্রীদের অ্যারাইভাল কার্ডে আরেকটি তথ্য নেবে। এতে একজন বিমানযাত্রী গত এক মাসে কোথায় কোথায় ভ্রমণ করেছেন সে তথ্য লিখতে হবে।

যাত্রীরা যাতে এ তথ্য লিখতে ভুল না করেন, সেজন্য বিমান অবতরণের আগেই ঘোষণা দেয়ার জন্য সব এয়ারলাইন্সকে বলা হবে। লাইবেরিয়া থেকে সম্প্রতি আসা কয়েকজন বিমানবন্দরে কোনও ধরনের পরীক্ষা ছাড়াই বেরিয়ে গেছে বলে অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেয়া হল।

অবশ্য লাইবেরিয়া ফেরত ওই ছয় বাংলাদেশির বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আফ্রিকার দেশটির সঙ্গে সরাসরি ফ্লাইট না থাকায় তারা অন্য যে বিমাননবন্দর হয়ে এসেছেন সেখানে তাদের পরীক্ষা হয়েছে এবং সুস্থ অবস্থাতেই তারা দেশে ফিরেছেন।

জেএ