নিখোঁজ হওয়ার দুইদিন পর দৈনিক বণিক বার্তার মার্কেটিং বিভাগের কর্মকর্তা জাহাঙ্গীর আলমের (৩৭) লাশ মিলল স্যুটকেসে।
শুক্রবার সকালে রাজধানীর খিলক্ষেতের বোর্ডগার্ড নামাপাড়া লেহাজ উদ্দিনের বাড়ির ছাদ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ হওয়ার পর জাহাঙ্গীরের খালাতো ভাই ফয়সালসহ চারজনকে পুলিশ আটক করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে স্যুটকেস থেকে লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনায় আটক অন্যরা হলেন, রাকিব, ফাহিম ও রায়হান।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হক জানান, বণিক বার্তার মার্কেটিং কর্মকর্তার নিখোঁজের বিষয়টি তদন্তের এক পর্যায়ে তার খালাতো ভাই ফয়সালসহ চারজনকে পুলিশ আটক করে। তারাই জানিয়েছে, জাহাঙ্গীরকে হত্যার পর স্যুটকেসে ভরে রেখেছিল তারা। তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই লাশটি উদ্ধার করা হয়েছে।
তবে হত্যার কারণ বা কখন তারা হত্যা করেছে এসব বিষয়ে ওসি কিছু জানাননি।
জেআই





