ফেনীতে ৫টি শর্টগান, ৪টি পিস্তল, ২টি এলজিসহ ২৪ যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে র্যাব। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লালপোল এলাকায় গাড়িবহর তল্লাশি করে তাদের আটক করা হয়। এ সময় মাইক্রোবাসের দুই চালককেও আটক করা হয়।
রাত ৮টার দিকে তল্লাশি শেষে গাড়িবহর ছেড়ে দেওয়া হলেও অস্ত্রসহ আটকদের র্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাত পৌনে ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল। এতে ফেনীর লালপোল থেকে মোহাম্মদ আলী বাজার পর্যন্ত সাত কিলোমিটার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকেলে ফেনীর সোনাগাজীতে যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে ও স্বতন্ত্র সংসদ সদস্য রহিম উল্যার গ্রেফতারের দাবিতে সোনাগাজী পৌর শহরে প্রতিবাদ সভায় অংশগ্রহণ শেষে ফেনী ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোলে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের গাড়িবহরে তল্লাশি চালিয়ে ৫টি শটগান, ৪টি পিস্তল, ২টি এলজি উদ্ধার করে র্যাব। এ সময় যুবলীগ-ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে আটক করে র্যাব।
খবর পেয়ে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল ও ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঞা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মোজাম্মেল হক অস্ত্রসহ যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের আটকের সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে ঢাকা র্যাব সদর দফতর থেকে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।
এএইচ





