পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন বৃহস্পতিবারে (১ সেপ্টেম্বর) কমলাপুর রেলস্টেশনে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বুধবার (৩১ আগস্ট) রাত থেকেই টিকিট প্রত্যাশীরা অপেক্ষা করছেন।

টিকিট প্রত্যাশীদের ভিড় আগের তিন দিনের চেয়ে অনেক বেশি দেখা গেছে। সকালে কাউন্টার থেকে শুরু করে এ লাইন মূল চত্বর ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার পূর্বনির্ধারিত সকাল ৮টা থেকে একযোগে ১৩টি কাউন্টার থেকে ৩১টি আন্তঃনগর ট্রেনের ১০ সেপ্টেম্বরের টিকিট বিক্রি করা হচ্ছে।

টিকিট প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। তবে বেসরকারি চাকুরীজীবীদের শনিবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত অফিস করতে হবে। তাই ১০ ও ১১ সেপ্টেম্বর টিকিটের চাহিদা বেশি।

এর আগে বুধবার (৩১ আগস্ট) দেওয়া হয়েছে ৯ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট। আর শুক্রবার (২ সেপ্টেম্বর) বিক্রি হবে ১১ সেপ্টেম্বরের টিকিট।

এদিকে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফিরতি টিকিট বিক্রি, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এ বিষয়ে কমলাপুর রেলস্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবতী জানান, চতুর্থ দিনেও ৩১টি আন্তঃনগর ট্রেনের ২২ হাজার ২৭৬টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রতিদিন ২২ হাজার ২৭৬টি টিকিট বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ২৫ শতাংশ দেওয়া হচ্ছে অনলাইনে, ৫ শতাংশ ভিআইপি কোটা ও ৫ শতাংশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ রয়েছে। বাকি ৬৫ শতাংশ টিকিট অগ্রিম বিক্রি করা হচ্ছে।

এমএনজে