ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় রুপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। বুধবার বিকেল ৩টার দিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের রঘুনাথপুর ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, কালীগঞ্জ থেকে রূপসা পরিবহনের (যশোর ব ১১-০০৭৯) নং যাত্রীবাহী একটি বাস যশোরের উদ্দেশে যাচ্ছিল। যাত্রীরা অভিযোগ করেন, চালক এক হাতে ষ্ট্রিয়ারিং এবং আর এক হাতে মোবাইল ফোনে দীর্ঘক্ষন ধরে কথা বলতে বলতে রঘুনাথপুর ইটভাটার সামনে পৌঁছানোর পর ব্রিজের উপর থেকে সামনের চাকা নামার সময় ঝাকুনির কারনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে ২০ যাত্রী আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বারবাজারের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এম আর





