আজ পবিত্র ঈদুল আযহা। ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজও রাজধানী ছাড়ছেন অনেকেই। আবার অনেকে পরিবার-পরিজন নিয়ে বেরিয়েছেন ভ্রমণেও।

আজ (১২ আগস্ট) সোমবার দুপুরে রাজধানীর সায়েদাবাদের ফকিরবাড়ী ও গুলিস্তানের বাস কাউন্টারগুলোতে দেখা গেছে যাত্রীদের ভিড়।

হানিফ পরিবহনের সুপারভাইজার রতন জানান, আজকেও অনেক যাত্রী বিভিন্ন স্থানে যাচ্ছেন। নামাজের পরেই তাঁরা বাস টার্মিনালে আসছেন। তবে গাড়ির সিট ফাঁকা রেখেই গন্তব্যে যাচ্ছি।

চট্টগ্রামগামী নাজমুল ইসলাম নামের এক যাত্রী বলেন, ঢাকায় পরিবার নিয়ে থাকি। সকালে ঈদের নামাজ পরে ও পশু কোরবানি দিয়ে বাড়িতে যাচ্ছি। বর্তমানে বাবা-মা কেউ বেঁচে নেই। তবুও আমি প্রতি ঈদে বাড়িতে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করি। আগামীকাল আবার রাজধানীতে ফিরে পরিবারকে সময় দেব।

আরেক যাত্রী বলেন, সারা বছরই রাজধানীতে কোলাহলের মধ্যে থাকি। ঢাকায় নিজেদের বাড়ি। তাই ঈদের দিন বন্ধুদের সঙ্গে বেড়াতে কক্সবাজার যাচ্ছি। আগামী শনিবার ফিরে অফিস ধরব।

নোয়াখালীর মাইজদীর সুরুজ মিয়া বলেন, ব্যস্ততার কারণে গতকাল গ্রামের বাড়ি যেতে পারি নাই। ১০ দিন বাড়িতে থাকব। ঢাকায় বড় ভাইয়ের সঙ্গে মিরপুরে থাকি। আমাদের কাপড়ের ব্যবসা। ঢাকায়ও কোরবানি হয়, আবার গ্রামেও কোরবানি দিই। তাই ঢাকার কোরবানি শেষ করে গ্রামে যাচ্ছি।

এমবি