নওগাঁর নিতপুর সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ তিনদিন পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

নওগাঁর নিতপুর সীমান্তে দুই বাংলাদেশিকে হত্যার তিনদিন পর লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।  

গতকাল (২৫ জানুয়ারি) শনিবার রাত ৯টার দিকে পোরশা উপজেলার হাপানিয়া সীমান্তের জিরো পয়েন্টে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে লাশ হস্তান্তর করেছে বিএসএফ।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্বে দেন ১৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুর ইসলাম এবং বিএসএফের পক্ষে নেতৃত্বে দেন ১৫৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক জোশি হর্ষি।

গত ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে বিএসএফের গুলিতে তিনজন বাংলাদেশি নিহত হন। সনজিৎ কুমার ও কামাল হোসেন নামে দুই বাংলাদেশির লাশ ভারতের অভ্যন্তরে ছিল। নিহত অন্য বাংলাদেশির নাম মফিজ উদ্দিন।

লাশ হস্তান্তর শেষে বিজিবির হাপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোকলেছুর রহমান জানান, বিএসএফের গুলিতে নিহত সনজিৎ কুমার ও কামাল হোসেনের লাশ শনিবার রাতেই পোরশা থানা পুলিশের মাধ্যমে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর ভারতের অভ্যন্তরে থাকা লাশ দুটি ভারতীয় আইনি প্রক্রিয়া শেষ করে বিজিবির কাছে হস্তান্তর করতে তিন দিন বিলম্ব হয়েছে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, লাশ দুটি বাংলাদেশে আসার পর আইনি প্রক্রিয়া শেষ করে তাঁদের পরিবারের কাছে রাতেই হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনীর শীর্ষ পর্যায়ে বৈঠকে বার বার প্রতিশ্রুতির পরও থামছে না বিএসএফের হাতে বাংলাদেশি হত্যাকাণ্ড। চাঁপাইনবাবগঞ্জে ছয়জনসহ চলতি (জানুয়ারি-২০২০) মাসেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন।

সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, ২০১৮ সালে বছরজুড়ে সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছিলেন ১৪ জন। সেখানে ২০২০ এর প্রথম মাসেই ২০১৮ এর সারা বছরের সীমান্ত হত্যার সংখ্যার চেয়ে বেশি সংখ্যক বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। ২০১৯ সালে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী- বিএসএফ’র হাতে প্রাণ হারিয়েছেন ৩৮ জন বাংলাদেশি। এক বছরের ব্যবধানে প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় তিনগুণ দাঁড়ায়। এরমধ্যে আজ নওগাঁয় তিনজন এবং যশোরের বেনাপোল সীমান্ত একজন বিএসএফের হাতে নিহত হন। এছাড়া গতকাল লালমনিরহাটে নিহত হন দু’জন।

এমবি