মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান বলেছেন, এক বছর আগে আইন মন্ত্রণালয়ে একটি আইনের খসড়া জমা দিয়েছে। কিন্তু আজ পর্যন্ত মন্ত্রণালয় তার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। আইন মন্ত্রণালয় কি করে? তারা কি ওখানে বসে বসে ডিমে তা দিচ্ছে নাকি?

বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশ নাগরিক উদ্বেগ’ ও ‘বিডিইআরএম’র যৌথ আয়োজনে ‘অস্পৃশ্যতা এবং দলিত মানবাধিকার: রাষ্ট্র ও সমাজের দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।

ড. মিজানুর রহমান বলেন, আমরা বৈষম্য বিলোপ আইনের খসড়াটি একবছর আগে জমা দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত আইনটির বাস্তবায়ন করা হয়নি। আমাদের প্রত্যাশা থাকবে আইনটি যেন দ্রুত পাস করা হয়।

এ সময় দেশে শিশু ও নারী নির্যাতনে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রাষ্ট্রকে এসব অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। কিন্তু হচ্ছে না।

মিজানুর রহমান বলেন, অতীতে ঝালকাঠির লিমনকে গুলি করার পরে অপরাধীদের গ্রেফতার করার দাবিতে মানবাধিকার কমিশন সংস্থা সোচ্চার ছিল। কিন্তু এখন গ্রেফতার করা হয়েছে। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা হয়নি। এই জন্য মানবাধিকার সংগঠনগুলো কিছুটা নিশ্চুপ।

কেএইচ