কক্সবাজারে বাসের ধাক্কায় সাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। একই বাস একটি টমটমে ধাক্কা দিলে আরও তিন যাত্রী আহত হন।
আজ শনিবার বেলা দেড়টার দিকে চকরিয়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই কিশোর হলো উপজেলার মাইজঘোনা এলাকার মনছুর আলম (১৭) ও ওবাইদুল ইসলাম (১৪)। তারা রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করত।
একাধিক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, চট্টগ্রাম থেকে মহেশখালী যাওয়ার পথে শাহ আমিন পরিবহনের একটি বাস আজ দুপুরে মাইজঘোনা স্টেশন এলাকায় সাইকেল আরোহী ওই দুই কিশোরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তারা।
এরপর বাসটি একটি টমটমকে ধাক্কা দেয়। এতে টমটমের চালক নুরুল কবির, যাত্রী অহিদুর রহমান ও হামিদুর রহমান গুরুতর আহত হন।
আহতদের মধ্যে হামিদুরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, বাসটিকে আটক করা হয়েছে। নিহত কিশোরদের পরিবার কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এমকে





