বরিশাল সদর, বাকেরগঞ্জ ও পটুয়াখালীর দুমকিতে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১১১ কেজি নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়।

সোমবার (২০ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমের নেতৃত্বে নগরীর নতুন বাজার এবং বাজার রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আটটি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা ও ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়।

এদিকে, জেলার বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে বাকেরগঞ্জ বন্দর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ অভিযানে পাঁচটি প্রতিষ্ঠাকে ১০ হাজার টাকা জরিমানা এবং ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমানে নেতৃত্বে উপজেলার পিটতলা বাজার ও সিনেমা হল রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে নয় হাজার ৫০০ টাকা জরিমানা এবং ১১ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. নজরুল ইসলাম জানান, দিনব্যাপী অভিযানে ১৮টি প্রতিষ্ঠানকে ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।

ওএফ