চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) দেশে ৩০৪ জন নারী ধর্ষনের শিকার হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানম।

মঙ্গবার জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় পরিস্থিতি ও বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির বক্তব্য’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আয়শা খানম বলেন, বাংলাদেশ মহিলা পরিষদের তথ্যসূত্র অনুসারে ২০১৪ সালের প্রথম ছয় মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ৩০৪ টি। গণধর্ষণের শিকার হয়েছে ৮২ জন নারী। ধর্ষণের পরে ৪৫ জন নারীকে হত্যা করা হয়েছে। এছাড়া যৌতুকের কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ১২৭ টি, যৌতুকের কারণে নির্যাতনের শিকার ৯০ জন। আর নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছেন ৮০ জন এবং ফতোয়াবাজির শিকার হয়েছেন ১৫ জন নারী।

এ তথ্য তুলে ধরে তিনি বলেন, দেশব্যাপী এ ধরণের নির্যাতনের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে।

তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংঘটিত একাধিক ঘটনাবলী সাধারণ জনগনের মনে গভীর উদ্বেগ ও শঙ্কার সঞ্চার করেছে। বিশেষ করে রাজনৈতিক নেতাকর্মী ও মানবাধিকারকর্মীদের গুম, হত্যা, অপহরণ, নির্যাতনসহ বিভিন্ন মানবাধিকার লংঘনের ঘটনায় সকলেই উদ্বিগ্ন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে- জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, নারী-পুরুষ নির্বিশেষে সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপের গ্রহন, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিচারবিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করা, প্রশাসনকে দল নিরপেক্ষ ভূমিকা পালন করা, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া দ্রুত করা, অপরাধীকে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না দেওয়াসহ মোট ১৮ টি সুপারিশ করা হয়।

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু, কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী সুফিয়া আক্তার শিউলি প্রমুখ।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ