আসছে বছরের ৮ থেকে ১০ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে টঙ্গীর তুরাগ তীরে। ইজতেমা উপলক্ষে বিদেশী নাগরিকদের বিশেষ ভিসা দেবে বাংলাদেশ।

গত বছর ১১ হাজার বিদেশী মুসল্লী বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছিলেন। এবারও গত বছরের মতো বিদেশী মুসল্লী আসবেন বলে ধারণা আয়োজকদের।

বিশ্ব ইজতেমা পৃথিবীব্যাপী মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম জমায়েত। জমায়েতের দিক দিয়ে হজের পরেই এর স্থান। প্রতি বছর প্রায় দশ লাখ মানুষ বিশ্ব ইজতেমায় যোগ দেন।

সচিবালয়ে বৃহস্পতিবার বিশ্ব ইজতেমার নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত বৈঠক শেষে এ সব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক খানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বরাবরের মতো ইজতেমা ময়দানে ঢুকতে সার্চওয়ে থাকবে। এর বাইরে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, পানি, বিদ্যুৎসহ সব ধরনের সুযোগ-সুবিধা গতবারের চেয়ে পরিমাণে বাড়ানো হবে।

‘নিরাপত্তা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমস্ত সহযোগিতা পাওয়া যাবে’ যোগ করেন মন্ত্রী।

এমকে