ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে ধানবোঝাই একটি নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হন অন্তত পাঁচজন।

আশুগঞ্জ থানার উপপরির্দশক তোফাজ্জল হোসেন জানান, বুধবার সকালে সোহাগপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত সাইদুর রহমান (৪০) কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাসিন্দা।

আহতদের আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কাউছার নামে একজনের অবস্থা আশংকাজনক বলে জানান তিনি।

এসআই তোফাজ্জল জানান, ইটনা থেকে একটি ধানের নৌকা আশুগঞ্জ বাজারে আসার পথে সোহাগপুর এলাকায় মেঘনা নদীতে ডুবে যায়।

“ফায়ার সার্ভিস কর্মীরা ও স্থানীয় লোকজন অন্যদের উদ্ধার করেছে। তবে, নৌকার ভেতরে থাকা সাইদুর রহমানের মৃত্যু হয়েছে।”

জেআই