পুলিশের বিরুদ্ধে মামলার করে এখন ঘরছাড়া বাগেরহাটের জাহেদা বেগম। পুলিশি যন্ত্রণায় ঘুম হারাম হয়ে গেছে এই মধ্যবয়সী নারীর। নানা অজুহাতে মিথ্যা মামলা দিয়ে, সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে, ব্যবসার অন্তরালে অনৈতিক কাজ করা হয় এমন কাল্পনিক অভিযোগ তুলে একের পর এক তাকে হয়রানী করে চলেছে পুলিশ।

এক সংবাদ সম্মেলনে তার ওপর পুলিশি খড়গ নেমে আসার বীভিষিকার কথা জানান জাহেদা।

জাহেদা জানান, পুলিশের অনৈতিক দাবি পুরণ করতে না পারায় নিজের বসত বাড়িতেও ব্যবসা করতে পারছেন না তিনি।

জাহেদা বেগম বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের নুর মোহাম্মদ ফকিরের স্ত্রী। বাগেরহাট খান জাহান আলী মাজার এলাকায় নিজেদের বসতবাড়ির পাশে একটি আবাসিক হোটেল আছে তার। মূলত এই আবাসিক হোটেলটিকে ঘিরেই পুলিশের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে।

বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শক্রবার জাহেদা লিখিত বক্তব্যে জানান, দরিদ্রতার কারণে সংসার চালাতে যখন তার স্বামী যখন হিমসিম খাচ্ছিল তখন একটি এনজিও’র কাছ থেকে লোন নিয়ে কোন মতে এই আবাসিক হোটেলটি নির্মাণ করেন।

মাজার দর্শনে আসা লোকদের আবাসন সুবিধাকে টার্গেট করেই নির্মিত হোটেলটি চালু হতেই ব্যবসায়িক সফলতা আসে। এমতবস্থায় স্থানীয় একটি কুচক্রীমহল ষড়যন্ত্রে লিপ্ত হয়। একপর্যায়ে বাগেরহাট মডেল থানা পুলিশকে ব্যবহার শুরু করে। পুলিশ হোটেলে চাঁদা দাবীসহ নানাভাবে সন্ত্রস্ত করে তুলে। এমনকি জাহেদা বেগমকে হত্যাসহ একাধিক মামলায় আসামী করা হয়।
জামিনে বের হলে ২০১০ সালে বাগেরহাট মডেল থানার তৎকালীন এসআই মোশাররফ হোসেন এক লাখ টাকা চাঁদা দাবীসহ নানা উৎপাতে হোটেল ব্যবসা বন্ধ করতে বাধ্য হন। ঘটনায় এসপি থেকে শুরু করে ওপর মহলে আবেদন করেও কোন প্রতিকার না পেয়ে বিশেষ ট্রাইবুন্যাল আদালতে মামলা করেন।

এরপর আলোচিত ওই এসআই গোপালগঞ্জ বদলী হয়ে যায়। বর্তমানে সে গোয়েন্দা পুলিশে কর্মরত। আদালত অভিযোগ আমলে নিয়ে এসআই মোশাররফকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেও সে হাজির হয়নি।

একপর্যায়ে আদালত গেজেট নোটিফিকেশন করলে ওই এসআই গত ৮ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জাহেদা জানান, আদালতের নির্দেশ থাকা স্বত্ত্বেও সেদিন এসআই মোশাররফকে জেলহাজতে পাঠানো হয়নি। পরের দিন একই আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাকে জামিন দেয়া হয়।

আইনের প্রতি শ্রদ্ধা রেখে জাহেদা বেগম বলেন, ‘আইনতো সকলের জন্য সমান অথচ দারোগা মোশাররফের জন্য আইনের প্রয়োগ ভিন্ন হলো কেন?’

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই