সরকারের গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তে স্বল্প আয়ের শ্রমিক ও সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যাবে। পাশাপাশি বাড়ী মালিকরা আরো বেপরোয়া হয়ে উঠবে। এমনটাই দাবি করেছেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় শ্রমিক ফেডারেশন আয়োজিত গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বেশিরভাগ মানুষ ভাড়া বাড়িতে থাকে যেখানে বাড়ির মালিকরা এমনিতেই নিয়মিনীতির তোয়াক্কা না করে ইচ্ছামত বাড়িভাড়া নির্ধারণ করে। তাই গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তে ঢাকা শহরসহ সাড়া দেশে শ্রমিক ও স্বল্প আয়ের মানুষদের জন্য জীবন ধারণ করা কঠিন হয়ে পড়বে।

বক্তারা বলেন, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধির ফলে যাতায়াতে শ্রমজীবী মানুষকে অতিরিক্ত ভাড়া গুণতে হবে পাশাপাশি খাদ্য উৎপাদন খরচ বেড়ে যাবে ফলে জনজীবন বিপন্ন হবে।

লুটপাট,দুর্নীতি আর আমলাপুষ্টির দায়ভার শ্রমিক জনতা নেবে না উল্লেখ করে অবিলম্বে গ্যাস- বিদ্যুতের মূল্যবৃদ্ধি বন্ধের দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক ফেডারেশন।

সংগঠনের সভাপতি আ স ম জাকারিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা দেলয়ার হোসেন,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ব্যুরোর সদস্য কামরুল হাসান প্রমুখ।

এমএ/ এআর