পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত অবস্থায় স্বামী জাকির হোসেনকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে স্ত্রী মেহেরুন্নেচ্ছা (২০)।

শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার সরাফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত জাকির হোসেন সরাপপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জহিরুদ্দিন সরদার। এ ঘটনায় পুলিশ মেহেরুন্নেচ্ছাকে আটক করেছে।

এ ব্যাপারে স্থানীয় সরাফপুর ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, মেহেরুন্নছা অন্যের ঘর ছেড়ে পরকীয়া করে জাকির হোসেনের সঙ্গে বিয়ে করে। সম্প্রতি সে আবার নতুন একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে।

তিনি জানান, এছাড়াও আর্থিক সংকটের কারণে তাদের মধ্যে প্রতিনিয়তই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এ সব মিলিয়ে শুক্রবার সন্ধ্যার দিকে মেহেরুন্নেচ্ছা জাকির হোসেনকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে।

আশাশুনি থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেহেরুন্নেচ্ছাকে আটক করেছে।

বর্তমানে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কেএইচ