গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নওহাটা এআরএম উচ্চ বিদ্যালয়ের ফুটবল দলের খেলোয়াড় নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) সকাল সোয়া ১০টায় ওই স্কুলের মাঠে এ সংঘর্ষ হয়।

নিহত ব্যক্তি রাজা মিয়া শেখ (৩৫) উপজেলার ধোপাদী গ্রামের বাদশা শেখের ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষক পংকজ কুমার বিশ্বাস জানান, সকালে স্কুলমাঠে ৮টি স্কুলের অংশগ্রহণে জাতীয় স্কুল-মাদ্রাসা মৌসুমী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু খেলা শুরুর আগে তার স্কুলদলের খেলোয়াড় নির্বাচনকে কেন্দ্র করে নওহাটা ও ধোপাদী গ্রামের দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ খবর উভয় গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির পর স্কুলমাঠ দিয়ে ধোপাদী গ্রামের আবুল বাশার ও রাজা মিয়া শেখ হেঁটে যাচ্ছিলেন।

এ সময় নওহাটা গ্রামের ছাত্ররা আবুল বাশারের ওপর হামলা চালায়। রাজা মিয়া তাদের ঠেকাতে গেলে শিক্ষার্থীরা তাকে এলোপাতারি মারধর করে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে রাজার মিয়ার মৃত্যু হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এমকে