সরকার কিছু মুনাফালোভীর স্বার্থ রক্ষার জন্য পরিকল্পিতভাবে সুন্দরবনকে ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
তিনি বলেন, ‘বিশেজ্ঞদের মতামত ও ব্যাপক জনগোষ্ঠীর রায় উপেক্ষা করে, সরকার কিছু মুনাফালোভীর স্বার্থ রক্ষার জন্য পরিকল্পিতভাবে সুন্দরবনকে ধ্বংস করছে।’
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সুন্দরবন অভিমুখে জনযাত্রার উদ্বোধনী সমাবেশে তিনি এ অভিযোগ করেন। রামপাল ওরিয়ন বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবন বিনাশী সকল অপতৎপরতা বন্ধ ও জাতীয় কমিটির ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য এ জনযাত্রার আয়োজন করা হয়েছে।
আনু মুহাম্মদ বলেন, ‘উন্নয়নের মিথ্যা প্রতিশ্রুতি ও গণমাধ্যম নিয়ন্ত্রণের সরকার পরিকল্পিতভাবে সুন্দরবনকে হত্যা করছে। তবে সুন্দরবন রক্ষা না হলে এ দেশও রক্ষা পাবে না।’
জনযাত্রা প্রসঙ্গে আনু মুহাম্মদ বলেন, ‘জনযাত্রার প্রথম দিন ১০ মার্চ ঢাকা-সাভার-মানিকগঞ্জ হয়ে ফরিদপুর, ১১ মার্চ ফরিদপুর-মাগুরা-ঝিনাইদহ হয়ে যশোর, ১২ মার্চ যশোর-নোয়াপাড়া হয়ে খুলনা এবং ১৩ মার্চ খুলনা-বাগেরহাট-কাটাখালীতে গিয়ে সমাপনী সমাবেশে মিলিত হবে।’
এ সময় তিনি রামপাল বিদ্যুৎ প্রকল্পকে বিশ্বাসঘাতক প্রকল্প বলেও আখ্যা দেন।
জনযাত্রা কর্মসূচির উদ্বোধনী সমাবেশে উপস্থিত ছিলেন, জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবি-বাসদের কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।
ওএফ





