মেহেরপুরের গাংনী উপজেলার হাড়ভাঙ্গা গ্রামে দু’পক্ষের গোলাগুলিতে সন্দেহভাজন এক মাদকব্যবসায়ী নিহত হয়েছেন বলে দাবি পুলিশের। বুধবার (১০ এপ্রিল) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাদক ব্যবসায়ী কাজিপুর গ্রামের ফজলুল হক ফজু হতে পারে বলে জানান স্থানীয়রা। তবে পুলিশ তার পরিচয় নিশ্চিত হতে পারেনি।
জানা গেছে, হাড়ভাঙ্গা মাদরাসার কাছে দু’পক্ষের গোলাগুলির খবর পেয়ে পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি বন্ধ করে কয়েকজন পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একইসঙ্গে একটি এলজি সাটারগান ও কয়েক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পীরতলা পুলিশ ক্যাম্প ইন-চার্জ এশাই অজয় কুমার ও টুআইসি এএসআই আহম্মেদ আলী মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি সাপেক্ষে মরদেহ থানায় পাঠান। আজ সকালে মরদেহ ময়নাতদন্ত করাবে পুলিশ।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, নিহত ব্যক্তি কাজিপুর গ্রামের এক সময়ের আলোচিত মাদকব্যবসায়ী ফজলুল হক ফজুর মতো মনে হচ্ছে। তবে সেখানে কাজিপুর গ্রামের কেউ উপস্থিত না থাকায় নিহতের পরিচয় পুরোপুরি নিশ্চিত হতে পারেনি পুলিশ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, গোলাগুলির সঙ্গে এলাকার মাদকব্যবসায়ীরা জড়িত। মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার সঙ্গে যারাই জড়িত হোক তাদের নামে মামলা করে গ্রেপ্তার করা হবে।
এমআর





