কয়েক ঘন্টার বৃষ্টি নগরবাসীকে জানান দিলো আষাঢ়ের আগমনী বার্তা। আষাঢের প্রথম দিনে আজ রোববার বিকালে নগরীতে হঠাৎ বৃষ্টি শুরু হয়। প্রায় দেড় ঘন্টা প্রবল বৃষ্টির পর সন্ধ্যার আগে কিছুটা কমে আসে। থেমে থেমে হয় বৃষ্টি। লুকোচুরি খেলা বর্ষা আগমনকেই যেন স্বাগত জানালো। আর রাজধানীর জনগোষ্ঠী প্রচন্ড গরম থেকে কিছুটা হলেও নিস্তার পেল।
রাজধানীতে কয়েক ঘন্টার বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে আসে। ধারাবাহিক অসহনীয় তীব্র তাপপ্রবাহ কেটে যায়। অফিস ফেরত লোকজন বাড়ির দিকে রওয়ানা হয়ে আটকা পড়ে।
নগরীর ফুটপাতের সকল দোকানপাট গুছিয়ে ফেলা হয়। যানবাহন চলাচল কমে যায়। যানবাহনের সংকট হয়। কিন্তু অনেক দিনের প্রাণঘাতি গরম কেটে যাওয়ায় পথচারীরা এসব সমস্যাকে তেমন একটা আমলেই নেয়নি।
আবহাওয়া অফিস গণমাধ্যমকে জানায়, বিকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয় নগরীর প্রায় সব এলাকায়। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। তা ছাড়া আষাঢ মাসে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। এ সময়ে বৃষ্টি না হওয়াটাই অস্বাভাবিক।
আবহাওয়া অফিস আরও জানায়, ঢাকা ও এর আশপাশ এলাকায় একযোগে এই বৃষ্টি হয়েছে। আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ঢাকা, বরিশাল, খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টির সঙ্গে হালকা দমকা হাওয়াও বয়ে যেতে পারে।
ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





