রাজধানীর মুগদায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত আব্দুল শুকুর মোল্লা (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
আব্দুল শুকুর মোল্লা উত্তর মুগদা জান্নাতবাগ এলাকার স্থানীয় বাসিন্দা। পেশায় তিনি কৃষিবিদ ছিলেন। রাজধানীর খামারবাড়ির একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরির পর বর্তমানে অবসর জীবন যাপন করছিলেন তিনি।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মাইনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মুগদা থানার পূর্ব মানিকনগর এলাকায় মন্টু মিয়ার সঙ্গে বিরোধ চলছিল শুকুর মোল্লার।
এর জের ধরে চলতি মাসের ১৭ এপ্রিল ( রোববার) সকালে রিকশায় যাওয়ার সময় মন্টু মিয়ার লোকজন মারধর করে শুকুর মোল্লা।
এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে তার শারীরিক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওএফ





