হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ মঙ্গলবার এই আদেশ জারি করে কারে। একই সঙ্গে নিরাপত্তা কর্মীর সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখন থেকে বিমানবন্দরের অভ্যন্তরে কেবল যাত্রীই ঢুকতে পারবে। দর্শনার্থীদের টিকেট কেটে ভেতরে ঢোকার সুযোগ থাকবে না।

সূত্র জানায়, প্রতিদিন বিমানবন্দর ব্যবহার করে অন্তত ১০/১৫ হাজার যাত্রী আসা যাওয়া করেন। যাত্রীদের বিদায় ও অভ্যর্থনা জানাতে যাত্রীদের পরিবার-পরিজনও বিমানবন্দরে যান। এ কারণে বিমানবন্দরে সারাক্ষণই বিপুল সংখ্যক লোকের সমাগম থাকে। এদের মধ্যে প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ৩০০ টাকা করে টিকিট কেটে প্রিয়জনদের বিমানবন্দরের ভেতরে এগিয়ে দিতে কিংবা অভ্যর্থনা জানাতে ক্যানোপি পর্যন্ত যান। নতুন এই সিদ্ধান্তের কারণে সেই সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলেই জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

জেএ