রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে ৪টি বিদেশি অস্ত্র, নগদ প্রায় কোটি টাকা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার (০৭জুলাই) ভোরে অভিযানের সময় মুক্তারের স্ত্রী ও দুই ভাতিজাকে আটক করেছে পুলিশ।

সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) রুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রুবেল আহমেদ জানান, বাঘা থানার একটি মামলার ঘটনায় পুলিশ পৌর মেয়রের বাড়িতে অভিযানে যায়। এ সময় বাড়িটিতে তল্লাশি চালালে ৪টি পিস্তল, ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও ইয়াবা পাওয়া যায়। এ সময় মেয়র মুক্তার আলীকে পাওয়া যায়নি। বাড়িতে থাকা তার স্ত্রী জেসমিন আকতার এবং দুই ভাতিজা শান্ত ইসলাম ও সোহান আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় আইনগত পদক্ষেপের প্রক্রিয়া চলছে। দুপুর ১২টায় বাঘা থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত পৌরসভা নির্বাচনে মুক্তার আলী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে মেয়র নির্বাচিত হন।

এমবি