মেহেরপুর গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের ২১টি ফকির পরিবারকে মারধর করে তওবা করিয়েছে স্হানীয়রা।

এ ঘটনায় ওই গ্রামের আবু বক্কর ফকির বাদী হয়ে নাসিরউদ্দিনসহ ১৭ জনের বিরুদ্ধে মেহেরপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছেন। বাদী মেহেরপুর গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের মৃত বছিরুদ্দিন মন্ডলের ছেলে আবু বক্কর ফকির।

তিনি অভিযোগ করেছেন, প্রায় ৩০ থেকে ৪০ বছর ধরে মারফতী লাইনের বাউলপন্থী ফকির তিনি। ওই গ্রামের মোট ২১টি পরিবার একই পথের অনুসারী। ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে নাসিরুদ্দিনসহ বেশ কিছু মৌলবাদী এবং ফতুয়াবাজ লোক একজোট হয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নেয়।

নাসিরুদ্দিন গ্রামের মসজিদের ইমাম। তিনি জুম্মার খুৎবায় মুসল্লীদের ক্ষেপিয়ে তোলেন এবং ২১ বাউল পরিবারকে বয়কটের হুমকী দেন। এরপরও মত থেকে বিচ্যুত না হওয়ায় তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে প্রবেশ করে এবং ২১ পরিবারের লোকজনকে ধরে নিয়ে যায় এবং তওবা পাঠ করান।

মামলার বাদী আরও উল্লেখ করেন, তিনিসহ কয়েকজনকে বাড়ি হতে বের হতে দিচ্ছে না। এতে আবু বক্কর ফকিরের ১৫০ পিলি পান বরজের সম্পূর্ণ পান নষ্ট হয়ে গেছে। এতে তার ক্ষতি হয়েছে ৫ লাখ টাকা।

 এছাড়া মামলার এক নম্বর স্বাক্ষী মিনাজ ফকিরের আড়াই বিঘা জমির কাঁঠাল নষ্ট হওয়ায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আবু বক্কর ফকির বাদী হয়ে নাসিরুদ্দিনসহ একই গ্রামের ১৭ জনের বিরুদ্ধে ১৪৮/২৯৫(ক)/৩৫৭/৫০৬ মামলা করেছেন। মামলা নং- ১২৬/১৪।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই