কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুস সাত্তার (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী নয়াপাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাত্তার উপজেলার মাঝের পাড়া গ্রামের মৃত নুরুস সাফার ছেলে।
পুলিশের ভাষ্য, নিহত সাত্তার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর কাছ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র ও ২৫টি গুলি উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, আজ ভোরে হোয়ানক ইউনিয়নের কেরুনতলী নয়াপাড়া পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এতে আবদুস সাত্তার নিহত হন। অন্যরা পালিয়ে যান। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।
ওসি প্রদীপ কুমার দাশ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। নিহত সাত্তারের বিরুদ্ধে অস্ত্র আইনসহ দুটি মামলা রয়েছে।
এমই





