দুর্গাপূজা উপলক্ষ্যে দিন রাত সমান তালে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ফেনীর শিল্পীরা। পূজা আসলেই কদর বাড়ে প্রতিমা শিল্পীদের।
জেলা পূজা উদযাপন কমিটি সূত্রে জানা যায়, এ বছর ফেনীর ৬টি উপজেলায় ১৩৮টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সদর উপজেলায় ৫৪টি (তার মধ্যে পৌরসভায় ১১ টি), সোনাগাজী উপজেলায় ২২টি, ছাগলনাইয়া উপজেলায় ৫টি, পরশুরাম উপজেলায় ৬টি, ফুলগাজী ৩৫টি ও দাগনভূইয়ায় ১৬টি মণ্ডপ সাজানো হচ্ছে।
প্রতিমা তৈরির শিল্পীরা জানান, মণ্ডপে প্রতিমা সরবরাহ করতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। আরাম করার সময় নেই তাদের হাতে। বছরের এই সময়টা ব্যস্ততায় কাটলেও অন্য সময় তাদের হাতে কোন কাজ থাকে না। তবু বাধ্য হয়ে বাপ দাদার পেশায় কোন রকমে টিকে আছেন।
ফেনী পৌর শহরের প্রতিমা শিল্পী কৃষ্ণ কুমার জানান, এ পেশায় কোন রকমে টিকে আছেন। প্রতিমা তৈরির বেশ কয়েকটি কাজ পেয়েছেন। পূজা শুরুর পূর্বেই বুঝিয়ে দিতে হবে, তাই দিন রাত কাজ করছেন। দেব দেবির মূর্তি তৈরি করে অর্থ পাওয়াটাই মুখ্য নয়, বরং যে পূর্ণতা পাবেন তাতেই তারা তুষ্ট।
জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র জানান, প্রতি বছরের মত এবারও ফেনীতে দুর্গাপূজা জাঁকজমক ভাবে হবে।
তিনি জানান, ফেনী ২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী তার ব্যক্তিগত ফান্ড থেকে প্রতি মণ্ডপের জন্য ১ হাজার টাকা ও ১ টন করে খাদ্যশস্য অনুদান দিয়েছেন। এছাড়া ফেনী-১ আসনের জন্য এমপি শিরিন আক্তারও দিয়েছেন এক টন করে খাদ্যশস্য।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





