ভারত থেকে বাংলাদেশে আমদানিকৃত সব ধরনের পেঁয়াজের আমদানি মূল্য কমে যাওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়ে গেছে। আমদানি বেড়ে যাওয়ায় বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, পেঁয়াজের আমদানি মূল্য ৫০৫ ডলার থাকার ফলে হিলি স্থলবন্দর দিয়ে গড়ে প্রতিদিন ১০ থেকে ১৫ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। বর্তমানে পেঁয়াজের আমদানি মূল্য কমে ৩০৫ ডলার হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে গত রোববার থেকে পেঁয়াজের আমদানি বেড়ে গেছে শুধুমাত্র বৃহস্পতিবারই ভারত থেকে ৩৬ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে।

গত বৃহস্পতিবার ২১ আগস্ট ভারতের বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় ও দাম সহনীয় পর্যায়ে আসায় পেঁয়াজের রপ্তানি মূল্য প্রতি মেট্রিক টন ৫০৫ মার্কিন ডলার থেকে ৩০৫ মার্কিন ডলার নির্ধারণ করে ভারতের মূল্য নির্ধারণী সংস্থা ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মাকের্টিং ফেডারেশন অব ইন্ডিয়া (ন্যাফেড)।

এর পূর্বে ভারতের বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় ও পেঁয়াজের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি হওয়ার ফলে পেঁয়াজের রপ্তানিকে নিরুৎসাহিত করতে দুই দফায় প্রতি মেট্রিক টন ১৫০ মার্কিন ডলার থেকে বাড়িয়ে প্রথমে ৩০০ মার্কিন ডলার পরে আবার বাড়িয়ে ৫০৫ মার্কিন ডলার নির্ধারণ করেছিল ভাররেতর মূল্য নির্ধারণী সংস্থা ন্যাফেড।

হিলি স্থলবন্দরের পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, পেঁয়াজের আমদানি মূল্য কমায় বৃহস্পতিবার ভারত থেকে আমদানিকৃত ইন্দো জাতের পেয়াজ প্রতিকেজি বিক্রি হয়েছে প্রকারভেদে ২২ টাকা থেকে ২৪ টাকা দরে। আর পাটনা জাতের পেঁয়াজ প্রতিকেজি বিক্রয় হয়েছে ২৫ টাকা থেকে ২৬ টাকা দরে।

আমদানি মূল্য বেশি থাকার ফলে গত সপ্তাহে ভারত থেকে আমদানিকৃত ইন্দো জাতের পেঁয়াজ বিক্রি হয়েছিল প্রতিকেজি ২৬ টাকা থেকে ২৭ টাকা। পাটনা জাতের পেয়াজ বিক্রি হয়েছিল ২৭ টাকা থেকে ৩০ টাকা কেজি দরে।

শুক্রবার হিলি বাজার ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানিকৃত প্রতিকেজি পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ২৫ টাকা থেকে ২৬ টাকা। আর পাটনা জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৭ টাকা থেকে ২৮ টাকা কেজি দরে । দেশি জাতের পেয়াজ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩২ টাকা থেকে ৩৫ টাকা।

হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) মহিবুর রহমান ভুঞা বলেন, পেঁয়াজের আমদানি পর্যায়ে কোনো ডিউটি আরোপ না থাকায় বর্তমানে আমদানিকারকদের ঘোষণা মূল্য ৩০৫ মার্কিন ডলার মূল্যে প্রতি মেট্রিক টন পেয়াজ শুল্কায়ন করা হচ্ছে।

ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই