রাজশাহীতে গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের ‘বিভাগীয় প্রধান’ মাহমুদুর রশিদ অভি স্বীকার করেছে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে তার যোগাযোগের কথা। তবে বাংলাদেশে তাদের নেতা কে কে সে ব্যাপারে মুখ খোলেননি অভি। 

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশনের (পিবিআই) রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অভির কাছ থেকে হিযবুত তাহরীর ও আইএসের বাংলাদশের কর্মকাণ্ড সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাবে। 

এর আগে গত বুধবার ভোরে রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকার নিজ বাসা থেকে অভিকে গ্রেপ্তার করে পিবিআই সদস্যরা। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
 
বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে অভিকে রাজপাড়া থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়। পিবিআই পরিদর্শক আনোয়ার আলী বাদী হয়ে অভির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। 

দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে অভিকে আদালতে চালান দেয়া হয়। এসময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন পুলিশ হেফাজতে নেয়ার আবেদন জানানো হয়েছিল। আবেদনের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে পাঁচদিন থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবীর জানান, আইএস’র সঙ্গে যোগাযোগের কথা অভি স্বীকার করেছে। ইয়েমেনের বংশভূত আইএস’র এক নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল। তবে বাংলাদেশে তাদের নেতা কে কে সে ব্যাপারে অভি এখনো মুখ খুলেনি। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে হিযবুত তাহরীর ও আইএসের বাংলাদশের কর্মকান্ড সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাবে। 

গ্রেপ্তারের পর যে ওয়েব পেজে অভি তার সংগঠনের প্রচারণা চালাতো সেটি রিমুভ করে দিয়েছে বলেও জানান এনামুল কবীর। 

অভির বরাদ দিয়ে পিবিআই’র এই কর্মকর্তা আরও জানান, সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর জন্য বিদেশ থেকে অর্থ আসতো। এছাড়াও তাদের সদস্য ও সমর্থকদের কাছ থেকে চাঁদার মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে। তাদের কয়েকটি ব্যাংক একাউন্ট রয়েছে সেখানে তারা চাঁদার অর্থ জমা দিত বলেও অভি জানিয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবীর আরও বলেন, অভির বাবা বজলুর রহমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তিনি সাত বছর লিবিয়ায় চাকরি করেছেন। পাঁচ বছর আগে তিনি দেশে ফিরে নগরীর তেরখাদিয়া এলাকা বাড়ি তৈরি করে সেখানে বসবাস করেন। সে বাড়ি থেকেই অভিকে গ্রেপ্তার করা হয়। অভির চাচা বাঘার গড়গড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি বলে জানান এনামুল।

জেআই