টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া থেকে আন্তঃজেলা গাড়ি চোরাইচক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব-১২। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই প্রাইভেটকার উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন চাঁদপুর জেলার মতলব থানার বিষনদী এলাকার বিল্লাল মুন্সি (৪৫) ও মো. আকাশ আহমেদ সবুজ (২৯)।
র্যাব-১২ এর সিপিসি-৩ (ক্রাইম প্রিভেনশন কোম্পানি) এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ ও সিপিসি-২ এর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া থেকে বিল্লাল ও আকাশকে চোরাই গাড়ি বিক্রির সময় আটক করে। এসময় চোরাই প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-১৩-৯৫৬৬) উদ্ধার করা হয়।
গত ১১ এপ্রিল শাহবাগ থানা এলাকা থেকে গাড়িটি চুরি হয়। ১২ এপ্রিল গাড়িটির মালিক অ্যাডভোকেট আহসান হাবিব শাহবাগ থানায় মামলা করেন।
গাড়িটি উদ্ধারের সময় এটির নাম্বার প্লেটে ঢাকা মেট্রো-গ-১৪-৫৯১৮ উল্লেখ ছিল যা অনুসন্ধানে ভুয়া বলে প্রমাণিত হয় বলেও জানান মহিউদ্দিন ফারুকী।
জেআই





