পটুয়াখালীর নবগঠিত রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৮টায় মোট ৩০টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও ভোটাররা ভোটকেন্দ্রে আসছেন।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলার প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যা ব ও সেনাবাহিনীর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া আরো দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকার দায়িত্বে আছেন।
নির্বাচনী এলাকায় পুলিশ, আনসার ভিডিপি ও র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন।
এ উপজেলায় মোট ভোটার রয়েছেন ৬৭ হাজার ২৯৬ জন। এর মধ্যে ৩৩ হাজার ৮০১ জন পুরুষ ও ৩৩ হাজার ৪৯৫ জন নারী ভোটার।
নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ একাধিক দলের মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদের মধ্যে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে তিনজন করে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী রয়েছেন।

ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ