মিয়ানমারের কারাগারে আটক ২৬ বাংলাদেশীকে ফেরত পাঠিয়েছে সে দেশের ইমিগ্রেশন বিভাগ। বুধবার মিয়ানমারের মংডু শহরে সে দেশের ইমিগ্রেশন বিভাগের সাথে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র পতাকা বৈঠকের মাধ্যমে এই ২৬ জনকে হস্তান্তর করা হয়।
বিজিবি’র টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আবুজার আল জাহিদ জানিয়েছেন, বুধবার সকাল ১০ টায় মিয়ানমারের সীমান্ত শহর মংডুতে বিজিবি এবং মিয়ানমারের অভিবাসন বিভাগের মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২৬ জন বাংলাদেশী নাগরিককে ফেরত দেয়া হয়।
তিনি জানান, এই বাংলাদেশীরা অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া পাড়ি দিতে গিয়ে আটক হয়ে মিয়ানমারের কারাগারে বন্দি ছিল।
মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফেরা বাংলাদেশীরা হল- টেকনাফের আচারবুনিয়া এলাকার খইল্লা মিয়ার পুত্র শামসুল আলম, দক্ষিণ লেংগুরবিলের জাফর আলমের পুত্র রবিউল আলম, একই এলাকার নজির আহমদের পুত্র জাবের আহমদ, নুরুল আলমের পুত্র সৈয়দ আলম, খয়রাতিপাড়ার আব্দুর রহমানের পুত্র সামসুল আলম, উত্তর নয়াপাড়ার আব্দুল করিমের পুত্র ছৈয়দুল ইসলাম, মন্ডলপাড়ার মৃত লাল মিয়ার পুত্র আব্দুল জলিল, হারিয়াখালীর নুর আহমদের পুত্র জিয়াউর রহমান, কাটাবুনিয়া এলাকার নজির আহমদের পুত্র মোহাম্মদ হোসেন, একই এলাকার মো. সিদ্দিকের পুত্র মো. সব্বির, শাহপরীরদ্বীপ মাঝেরপাড়ার মৃত নুরুল আমিনের পুত্র হাফেজ উল্লাহ, সৈয়দ উল্লাহ, ওমর ফারুক ও সামসুদ্দিন, একই এলাকার মৃত মোখলেছুর রহমানের পুত্র আব্দুস শুকুর, শফি উল্লাহর পুত্র মোহাম্মদ রফিক, সাবরাং ঝিনাপাড়ার মৃত মোখলেছুর রহমানের পুত্র আমির হোছেন, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের মৃত আলী আকবরের পুত্র মোঃ ইব্রাহিম, ঝিলংজা ইউনিয়নের মহুরীপাড়ার মোঃ সৈয়দের পুত্র মোঃ রফিক, শহরের পাহাড়তলী এলাকার মৃত ইসমাইলের পুত্র মোঃ ইলিয়াছ, খুরুশকুলের মোঃ সিরাজুল হকের পুত্র মোঃ আলী হোসেন, আব্দুল জব্বারের পুত্র জাহাঙ্গীর আলম, আহমদ শরীফের পুত্র মো. দেলোয়ার, আব্দুল করিমের পুত্র মো. শফি, আব্দুল শুকুরের পুত্র আজিম উদ্দিন, চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সেখেরখালী এলাকার আব্দুল বাশারের পুত্র আনোয়ার ইসলাম।
বৈঠকে বিজিবির ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থার কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ জাকারিয়া।
অন্যদিকে মিয়ানমারের ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সেদেশের ইমিগ্রেশন বিভাগের সহকারী পরিচালক ইউ টুং টাং।
ফেরত আসা ২৬ বাংলাদেশীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//  টিআই[/b]