করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৩ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২৯৮ জনে।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৯৬ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৪১ হাজার ৪৩৪২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৫১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৬২১ জন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছরে মধ্যে একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন এবং ষাটোর্ধ্ব ছয়জন রয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের নয়জন, চট্টগ্রামে দুইজন, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একজন রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১২টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ২৯টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৮ লাখ ৭৭ হাজার ৪২টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ২ দশমিক শূন্য ৬৮ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ২৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।

গত বছরের ০৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এখন পর্যন্ত করোনায় মৃত ৮ হাজার ২৯৮ জনের মধ্যে পুরুষ ৬ হাজার ২৮১ জন (৭৫ দশমিক ৬৯ শতাংশ) ও নারী ২ হাজার ১৭ জন (২৪ দশমিক শূন্য ৩১ শতাংশ)।

এমবি