সরকারি বিমান ভাড়ায় হজে যাচ্ছেন প্রতারিতরা। বেশ কয়েকটি হজ এজেন্টের প্রতারণার শিকার ৬৩০ জন হজযাত্রীদের মধ্যে ৩৯২ জন এরইমধ্যে চলে গেছেন। বাকি কিছু হজ যাত্রীর পাসপোর্ট নেয়া হচ্ছে। আগামীকাল মঙ্গলবার হজ ফ্লাইটের শেষ দিন হওয়ায় ওই দিন পাসপোর্ট নেয়া হজযাত্রীদের পাঠানো হবে।
সোমবার পর্যন্ত ৯৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী হজের উদ্দেশে মক্কায় পৌঁছেছেন।
রাজধানীর আশকোনায় হজ অফিসের তথ্য সেবা কেন্দ্র থেকে এই তথ্য জানা গেছে।
তথ্য সেবা কেন্দ্রের এক্সিকিউটিভ মাহবুব হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত মোট ৬৩০ জন হজ যাত্রীর নিকট থেকে প্রতারিত হওয়ার অভিযোগ পেয়েছি। রোববার পর্যন্ত ৬৩০ জনের মধ্যে ৩৯২ জনের পাসপোর্ট আমাদের নিকট আসায় তাদের রোব ও সোমবার পাঠিয়ে দেওয়া হয়েছে। সোমবারও আমাদের কাছে কিছু পাসপোর্ট এসেছে। তাদেরও পাঠানোর ব্যবস্থা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সকল হজ যাত্রীর বিমানভাড়া শুধু সরকার বহন করছে। বাকি আনুসঙ্গিক সকল খরচ হজ যাত্রীদেরই বহন করতে হবে।
তিনি বলেন, যেহেতু প্রতারিতরা সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন সেহেতু তারা সরকারি ব্যবস্থাপনা হিসেবে গণ্য হবেন। যে সকল হজ এজেন্সি প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মাহবুব হোসেন জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সোমবার পর্যন্ত ৯৫ হাজার ৩৯৬ জন হজ যাত্রী হজে গেছেন। আর বাকি রয়েছে ২ হাজারের মত। মঙ্গলবার বাকি যাত্রীরা যাবেন। মঙ্গলবার ৪ টি ফ্লাইট রয়েছে। সবশেষ ফ্লাইট রয়েছে রাত সাড়ে ১২ টায়।
বিমানবন্দর থানার ওসি শাহআলম বলেন, রোববার আল আশফাক ও আল নাঈম নামের দু’টি এজেন্সির দারা প্রতারিত লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের ম্যানেজারকে আটক করে ৫৯ জনের পাসপোর্ট আমরা ফেরত দিয়েছি। তারা এরইমধ্যে সরকারি ব্যবস্থাপনায় চলে গেছে।
তিনি বলেন, এখনও কিছু প্রতারিত হজযাত্রী রয়েছেন। তাদের বিষয়টি সমাধান করতে পারিনা। আবার অনেকে আমাদের নিকট অভিযোগও দেয়নি।
জেআই,





