যশোর শহরের বাবুবাজারের একটি পতিতা পল্লী থেকে এক যৌনকর্মীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

এ সময় দুর্বৃত্তদের বোমায় ৫ জন যৌনকর্মী আহত হন। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর পৌনে ২টায় ৪-৫ দুর্বৃত্ত শহরের বাবুবাজার পতিতালয়ের ২ নম্বর গলির মহসীনের বাড়িতে যায়। তারা ঘরমালিকের ডেরা থেকে ওই যৌনকর্মীকে অপহরণ করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা একটি বোমার বিস্ফোরণ ঘটালে আহত হন অপর ৫ যৌনকর্মী।

তাদের মধ্যে দু’জনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে শক্তি উন্নয়ন সংস্থার সাংগঠনিক সভাপতি নূরুন্নাহার বলেন, ‘শব্দ শুনে এসে দেখি বোমায় আহত দু’জন রাস্তায় গড়াগড়ি দিচ্ছে। তাদের রিকশায় করে হাসপাতালে পাঠিয়েছি।’

কী কারণে বোমা হামলা তা তিনি বলতে পারেন না। এটি অপহরণ না প্রেম-ভালবাসার ঘটনা তা এখনই বলতে পারছেন না বলেও জানান নূরুন্নাহার রানু।

যোগাযোগ করা হলে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বিধান কুমার বিশ্বাস ও তোফায়েল আহমেদ ঘটনাস্থল থেকে জানান, বিস্ফোরিত বোমার ১২টি জালের কাঠি, একটি নাট, কিছু টিনের টুকরা ও টেপ উদ্ধার করা হয়েছে। এটা অপহরণ না প্রেমঘটিত ঘটনা তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না বলেও জানান তারা।

এআইজে