লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব আলাদাদপুর গ্রাম থেকে তিনটি দেশীয় এলজি ও চার রাউন্ড গুলিসহ চার যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বোরবার (৩ এপ্রিল) দুপুরে র্যাব- ১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আটক যুবকরা হলেন, উপজেলার পূর্ব আলাদাদপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মনির হোসেন, সাহাব উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম, মনোহরপুর গ্রামের গিয়াস উদ্দিন মামুনের ছেলে ফাহাদ বিন আবদুল আজিজ ও নুর মোহাম্মদের ছেলে জাহিদ হাছান জনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের লে. কমান্ডার মো. গোলজার হোসেনের নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩এপ্রিল) ভোরে লক্ষ্মীপুরের পূর্ব আলাদাদপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে স্থানীয় ডাক্তার বাড়ির মনির হোসেনের বসতঘর থেকে চার যুবককে আটক করা হয়।
এসময় ঘরের কাঠের চৌকির নিচ থেকে তিনটি দেশীয় এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানানো হয়।
ওএফ





