রাজধানীর টেকনিক্যাল মোড়, মিরপুর ও যাত্রাবাড়ীতে যাত্রীবাহী তিন বাসে অগ্নিসংযোগ করেছেন দুর্বৃত্তরা।
দারুস সালাম থানা এলাকার টেকনিক্যাল মোড়ে শনিবার বিকেল ৪টা ৫০ মিনিটে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেন দুর্বৃত্তরা। বাসটিতে আগুন ধরে যাওয়ার আগে যাত্রীরা নিরাপদে নেমে আসেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘দুর্বৃত্তরা বাসটিতে অগ্নিসংযোগ করলে বাসের পেছনে আগুন ধরে যায়।’
ফায়ার সার্ভিস সদর দফতরে কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে দুইটি ইউনিট পাঠানো হয়েছে।’
এ দিকে সকালে যাত্রাবাড়ীর রায়েরবাগে প্রাইম প্লাস এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেন দুর্বৃত্তরা। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অগ্নিদগ্ধ হন। এর আগে মিরপুর ১৩ নম্বরে একটি মিনিবাসে আগুন দেন দৃর্বৃত্তরা। এতে কেউ হতাহত হননি।
জেআই





