ঢাকা ছেড়েছেন বাংলাদেশে অবস্থানরত ১৭০ জন ভারতীয় নাগরিক।
বুধবার ( ২৭ মে ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার এক বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন।
ভারতীয় হাইকমিশন জানায়, বুধবার এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে ১৭০ জন ভারতীয় নাগরিক কলকাতা ফিরে গেছেন। এসব নাগরিক দীর্ঘদিন বাংলাদেশে আটকে পড়েছিলেন।
বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের ৮ মে থেকে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে এয়ার ইন্ডিয়ার সাতটি ফ্লাইট ভারতীয় নাগরিকদের শ্রীনগর ৮, ১২ ও ১৩ মে, দিল্লী ৯ ও ১১ মে, মুম্বাই ১০ মে ও চেন্নাই ১৪ মে নিয়ে যাওয়া হয়। প্রতিটি ফ্লাইটে প্রায় ১৭০ জন যাত্রী ছিলেন। ৮ মে প্রথম ফ্লাইটে ঢাকার বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকে আটকে পড়া শিক্ষার্থীদের শ্রীনগরে ফিরিয়ে নেওয়া হয়েছিল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে করোনা ভাইরাস মহামারির কারণে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে ‘বন্দে ভারত মিশন’ নামে বৃহত্তম প্রত্যাবাসন কার্যক্রম শুরু করেছে।
এমবি





