সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছেন।

আজ রোববার ভোর ৩ টার দিকে রহিমাবাদ-মহান্দী সীমান্তবর্তী এলাকায় লক্ষণ দাসের আম বাগানের পাশে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার পিস্তল, একটি রাম দা, ৪টি ককটেল, ২পিস তাজা গুলি এবং গ্রিল ভাঙ্গার সরঞ্জাম উদ্ধার করে। 

নিহতরা হলেন- এক সময়ের পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের কানাইলাল বাছাড়ের ছেলে বিদ্যুৎ বাছাড় (৪৬) এবং সুজনশাহা গ্রামের নুরুদ্দীন শেখের ছেলে তালহা শেখ (২৬)।

তালা থানার এএসআই  শফিউজ্জামান মোহন ও পুলিশ সদস্য কল্যাণ আহত হয়েছেন। আহতরা তালা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তালা থানার ওসি মো. হাসান হাফিজুর রহমান জানান, রাতে এসআই মোজাফ্ফরের নেতৃত্বে পুলিশ টহলরত অবস্থায় রহিমাবাদ-মহান্দী সীমান্তবর্তী এলাকায় একটি আম বাগানের পাশে পৌঁছলে ডাকাত দল টহলরত পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পিছু হটে। পরে ঘটনাস্থলে ২টি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

তিনি আরওজানান, গুলাগুলির সময় তালা থানার এএসআই  শফিউজ্জামান মোহন ও পুলিশ সদস্য কল্যাণ (ব্যাচ নং-৯৭৯) আহত হয়েছেন।

এমবি