ঢাকা লিট ফ্যাস্টিভ্যাল উপলক্ষে বাংলাদেশ সফররত সাহিত্যে নোবেল জয়ী স্যার ভি এস নাইপল আজ দুপুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের নৈসর্গিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন ও বন্য প্রজাতি সংরক্ষণ কেন্দ্র সংলগ্ন জলাশয়ে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির জলকেলি, খুনসুটি, ডানা ঝাপটানো আর আকাশে উড়াউড়ি দেখে মুগ্ধ হন। পরে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত প্রজাপতি পার্ক পরিদর্শন করেন এবং বিকেলে ঢাকার উদ্দেশ্যে ক্যাম্পাস ত্যাগ করেন।

ক্যাম্পাস ত্যাগের পূর্বে নাইপল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আতিথেয়তা ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও পাখি তাঁর স্মৃতিতে অম্লান থাকবে বলে জানান।

পাখি পরিদর্শনের পূর্বে বেলা আড়াইটায় নাইপল ও তার স্ত্রী নাদিরা পলসহ উপাচার্যের বাসভবনে আসলে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম তাঁদের স্বাগত জানান। এ সময় উপাচার্য বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আজ এক ঐতিহাসিক ও গৌরবের দিন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নোবেল জয়ী বিশ্ব বরণ্য ব্যক্তির আগমনে বিশ্ববিদ্যালয় পরিবার অনন্দিত।

উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্যার ভি এস নাইপল ও নাদিরা নাইপল-কে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এ সময় উপাচার্যের স্বামী কথা সাহিত্যিক আখতার হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, বিভিন্ন অনুষদের ডিন ও রেজিস্ট্রার প্রমুখ উপস্থিত ছিলেন।

 আমিন/নাজিব