দক্ষিণাঞ্চলের মানুষের যাত্রা শুরু করলো যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি। মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ জাহাজটির উদ্বোধন করেন।
ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠী-পিরোজপুর-হুলারহাট-মোড়েলগঞ্জ-মংলা ও খুলনা রুটে জাহাজটি চলাচল করবে।
৭৫০ জন যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন জাহাজটি নির্মাণ করেছে ওয়েস্টার্ন মেরিন শিপইর্য়াড লিমিটেড। এটি নির্মাণে ব্যয় হয়েছে ২৬ কোটি আটান্ন লাখ বায়ান্ন হাজার আটশ’ টাকা।
৭৫ দশমিক ৫০ মিটার দৈর্ঘ্য, ১২ দশমিক ৫ মিটার প্রস্থ, ৩ মিটার উচ্চতা ও ১ দশমিক ৬ মিটার গভীরতার জাহাজটির খালি অবস্থায় প্রায় ওজন এক হাজার টন।
অত্যাধুনিক ও বিলাসবহুল এ জাহাজটি নির্মাণ করতে সময় লেগেছে ৩১ মাস।
উদ্বোধনকালে প্রধানমন্ত্রী নৌ-রুটগুলোর খনন কাজ দ্রুতসম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
নৌপথের সুবিধার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নদী মাতৃকদেশ। এখানে সবচেয়ে কম খরচে নৌপথে যাতায়াত করা যায়।
এমভি মধুমতি উদ্বোধনের সময় ভাষা সৈনিক গোলাম মাওলা রো রো ফেরি এবং কুসুমকলি ফেরি নামে দু’টি ফেরির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় গণভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রী উপদেষ্টা এইচটি ইমামসহ নৌ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআই/





