মূল্যবৃদ্ধির গুজবে মাগুরা শ্রীপুরের খামারপাড়া ও হাটশ্রীকোল বাজারে খাবার লবণ উধাও! বিভিন্ন সূত্রে ও সরোজমিনে গিয়ে জানা গেছে গত কাল দুপুরের দিকে উপজেলার খামারপাড়া ও হাটশ্রীকোল বাজারে পূর্বের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করছে। ভুক্তভোগিরা অনেকেই জানান,গতকাল যেখানে ৩০ -থেকে-৩২ টাকায় যে লবণ বিক্রি হযেছে, তা আজ আমাদের কিনতে হচ্ছে ১০০ থেকে ১২০টাকায়। বিকেল ৫টার দিকে বড় বড় দোকানদাররা জানান আমাদের দোকানে কোনও খাবার-লবণ নেই। এ কথা বলে বাজারে পেঁয়াজের ন্যায় লবণেরও কৃত্রিম সংকট সৃষ্টি করে। এই খবরে বাজারের ক্রেতা সকল লবণের দোকানে হুমরি খেয়ে পড়তে থাকে,এমনকি অনেকেই মারমুখী ভূমিকায় অবতীর্ণ হয়। এমতাবস্থায় সাংবাদিকদের পক্ষ থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীরের দৃষ্টি আকর্ষণ করলে তিনি তাৎক্ষণিক খামারপাড়া বাজারে এসে পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হন। সন্ধ্যার দিকে শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান এম,এম মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম বাজার কমিটির সদস্যদের নিয়ে যে সকল দোকানে অতিরিক্ত দামে লবণ বিক্রি করছিল তাদেরকে নির্দিষ্ট দামে লবণ বিক্রি করতে বলেন, এ সময় অনেক ক্রেতা এসে অভিযোগ করেন তাদের থেকে দোকানিরা লবণের বেশি মূল্য নিয়েছে, তখন দোকানিদের থেকে অতিরিক্ত টাকা ক্রেতাদের ফেরৎ দেয়া হয়। এ দিকে রাতে বাজার কমিটির পক্ষ থেকে ও মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং করে ঘোষণা দেয়া হয়, লবণসহ নিত্যপ্রয়োজনীয় কোনো কিছুরই মূল্য বূদ্ধি পায়নি, যারা অতিরিক্ত মূল্যে লবণসহ প্রয়োজনীয় মালামাল বিক্রি করবে তাদের দোকান বন্ধ করে দেয়াসহ কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাজারে লবণ বিক্রি স্বাভাবিক রয়েছে। জনমনে পেঁয়াজ ভীতির ন্যায় লবণভীতিও আপাততঃ কেটে গেছে।
মোঃ সাইফুল্লাহ,মাগুরা/ মামা





