৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চড়ে ঢাকা ত্যাগ করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরুপোপ ফ্রান্সিস।

আজ (শনিবার) বিকেল ৫টা ৫ মিনিটে পোপকে বহনকারী বিমানের বোয়িং ৭৭৭-৩০০ ইআর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে ঢাকা ছাড়ে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোপকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, আইনমন্ত্রী আনিসুল হক এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। এ সময় তাকে গান সেলুট দিয়ে সম্মান প্রদর্শন করা হয়।

এর মধ্য দিনে বাংলাদেশে ৩ দিনের সফর সম্পন্ন করলেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এর আগে ৩দিনের সফরে মিয়ানমার গিয়েছিলেন পোপ।

গত ৩০ নভেম্বর বেলা ৩টার দিকে তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অভ্যর্থনা জানান পোপ ফ্রান্সিসকে। সেখানে পোপকে গার্ড অব অনার দেয়া হয়।

সেখান থেকে সাভারে স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। সন্ধ্যায় বঙ্গভবনে প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে একান্ত বৈঠকের পর দরবার হলে কুটনীতিকদের উপস্থিতিতে বক্তব্য রাখেন তিনি।

সফরের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার ভ্যাটিকান দূতাবাসে যান পোপ ফ্রান্সিস। বিকেলে সেখানে গিয়ে পোপের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় পোপ ফ্রান্সিসকে স্যুভেনির হিসেবে নৌকা উপহার দেন প্রধানমন্ত্রী।

রাতে আন্তধর্মীয় এক সভায় কক্সবাজার থেকে নিয়ে আসা ১৬ রোহিঙ্গার সঙ্গে আলাপ করেন পোপ। এ সময় সফরে প্রথমবারের মতো তার মুখে উচ্চারিত হয় ‘রোহিঙ্গা’ নাম। মিয়ানমার ও পরে বাংলাদেশ সফরে সতর্কতার সঙ্গে ‘রোহিঙ্গা’ শব্দটি এড়িয়ে যাচ্ছিলেন বলে সমালোচনা হচ্ছিল। বিশ্বের গণমাধ্যমগুলোতে পোপের মুখে ‘রোহিঙ্গা’ নাম আসার বিষয়টি শিরোনাম হয়।

আজ সফরের শেষ দিন, মাদার টেরেসা হাউজ, তেজগাঁওস্থ প্রাচীন রোজারি চার্চে খ্রিস্টান যাজকদের এক জমায়েতে বক্তব্য রাখেন পোপ। প্রত্যেককে একে অপরের প্রতি সহিঞ্চু হতে এবং পরনিন্দা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। পরে দুপুরে নটরডেম কলেজে তরুণদের সঙ্গে মতবিনিময় করেন। এর মধ্য দিয়ে শেষ হয় পোপের তিন দিনের সফরসূচী।

স্বাধীন বাংলাদেশে সফরে আসা দ্বিতীয় পোপ হলেন পোপ ফ্রান্সিস। এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশে এসেছিলেন পোপ দ্বিতীয় জন পল।

এমবি