রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনি চক মার্কেটের হকারদের মধ্যে দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

নিহত ব্যক্তির নাম খোকন মোল্লা (৩০)। তিনি চাঁদনি চক মার্কেটের বাইরের অংশে সালোয়ার কামিজ বিক্রি করতেন। আহত আরেক ব্যবসায়ীর নাম বাবুল ব্যাপারী (৪০)। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

আজ বুধবার বেলা ৩টায় রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনি চক মার্কেটের হকারদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। মারামারির একপর্যায়ে আহত হন দুজন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টায় খোকনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আহতদের সঙ্গে আসা ব্যক্তিরা জানান, মারামারির একপর্যায়ে শাহাবুদ্দিন নামের এক ব্যক্তি খোকনকে ছুরিকাঘাত করেন।

খোকন মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ক্যাম্প উপপরিদর্শক এসআই বাচ্চু মিয়া। তিনি জানান, নিহত খোকনের লাশ মর্গে রাখা হয়েছে। আহত বাবুলের বুকে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, দুপুরে এই হকাররা একসঙ্গে খাওয়া-দাওয়া করছিল। খাওয়া শেষে শাহাবুদ্দিন খোকন মোল্লা ও বাবুল ব্যাপারিকে ছুরিকাঘাত করে। ঘটনার কারণ এখনও বের করা যায়নি। শাহাবুদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জারিফ