সাতক্ষীরার শ্যামনগরে পরিবহনের ধাক্কায় হাফিজুর রহমান (২২) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ওয়াজেদ আলী নামে আরো এক মুরগি ব্যবসায়ী আহত হয়েছেন।
শনিবার সকাল ১০টায় উপজেলার শ্যামনগর-সাতক্ষীরা সড়কের চন্ডিপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত হাফিজুর একই উপজেলার খাগড়াদানা গ্রামের মোকছেদ আলীর ছেলে।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দেবহাটা উপজেলার হাদীপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতের নাম মোঃ সাহেব আলী (২৮)। তিনি কালিগঞ্জ উপজেলার চৌবাড়িয়া গ্রামের বাসতুল্লো গাজীর ছেলে।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) শুধাংশ কুমার জানান, সকালে ব্যবসায়ী ওয়াজেদ আলী নলতা থেকে মুরগি নিয়ে নছিমনযোগে শ্যামনগর আসছিলেন। পথিমধ্যে চন্ডিপুর পৌছালে শ্যামনগরগামী মামুন পরিবহনের একটি কোচ তাদের পিছন দিক থেকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই নছিমন চালক হাফিজুর নিহত হন। এছাড়া ব্যবসায়ী ওয়াজেদ আলীর দুই পা ভেঙে যায়। আহত ওয়াজেদ আলীকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
এমআইএস





