বিজয় মিছিল শেষে ফেরার সময় হামলায় সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের পুনঃনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী।
তিনি খুনিদের অতি শীঘ্রই গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন।
আরিফ বলেন, নির্বাচন কমিশন থেকে বাসায় ফেরার পথে তার গাড়িবহরের সাথে মোটরসাইকেলে ছিল রাজু। বাসায় পৌছে তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা মো. শাহজাহানের সাথে দেখা করতে বের হওয়ার কিছুক্ষণ পর তার বাসা থেকে বের হয় রাজু। বাসা থেকে বের হয়ে গলির মুখে আসামাত্র তার উপর হামলা চালায় সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনা শুনে ওসমানী মেডিকেলে ছুটে যান আরিফ। সেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, হামলাকারীরা সন্ত্রাসী।
তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান। একই সাথে এদের যদি কোনো রাজনৈতিক পরিচয় থাকে তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।
জেড





