নওগাঁর আত্রাই উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি দীর্ঘ দিন পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার ভোরে গ্রেপ্তার সাইফুল ইসলামের (৫০) বাড়ি পারকাসুন্দা গ্রামে, তার বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা রয়েছে।
আত্রাই থনার ওসি আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, “সাইফুল জেএমবির সক্রিয় সদস্য। তিনি অনেকদিন ধরেই পলাতক ছিলেন। জঙ্গি সংগঠনটিকে তিনি আবার সংগঠিত করছেন- এমন তথ্য পুলিশের কাছে ছিল। সাইফুল বাসায় অবস্থান করছে খবর পেয়ে পুলিশ ভোরে সেখানে অভিযানে যায়।”
সাইফুলের বিরুদ্ধে আত্রাই থানায় হত্যা, মারপিট ও চাঁদাবাজির তিনটি মামলা এবং বেশ কয়েকটি অভিযোগ রয়েছে জানিয়ে ওসি বলেন, শুক্রবারই তাকে আদালতে হাজির করা হবে।
এমআর





